হবিগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১০ বছর কারাদণ্ড

জেলা প্রতিবেদকঃ অস্ত্র মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-২ এর বিচারক শহীদুল আমীন এ রায় দেন। এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
আদালত পরিদর্শক কাজী কামাল উদ্দিন এ তথ্য জানান।
বুলবুল শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের বাসিন্দা। দীর্ঘ সাত বছর ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
যুগ্ম দায়রা জজ আদালত-২ এর পেশকার মো. আব্দুল হান্নান জানান, ২০১২ সালে একটি রিভলবারসহ বুলবুলকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র‌্যাব)-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প সদস্যরা। এ ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো করা হয়েছে।