হবিগঞ্জে প্রায় ৬ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার

জেলা প্রতিবেদকঃ হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও জরিমানা করা হয় দোকান মালিকদের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে শহরের চৌধুরী বাজার এলাকায় ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রি করে আসছিল। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এরই প্রেক্ষিতে চৌধুরী বাজার এলাকার প্রিয় স্টোর থেকে ১২ বস্তা ও সুমন স্টোর থেকে ২ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়। প্রিয় স্টোরকে ১০ হাজার ও সুমন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদেরকে সতর্ক করা হয়েছে।

জব্দ করা জালগুলো ডিসির কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা মো. শাহজাদা খসরু।

আটক কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।