নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গুলশানের হলি আর্টিসান হামলার চার্জশিটভুক্ত আসামি ও জেএমবির অন্যতম শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় সবুজবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সবুজবাগ থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মকুল বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।


