হামলার চেষ্টাকারী যুবকের শরীরে ছয় থেকে সাতটি গুলির চিহ্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গায় র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টাকারী যুবকের শরীরে ছয় থেকে সাতটি গুলির চিহ্ন রয়েছে।

শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সিআইডির ক্রাইম সিন ইউনিটের সিনিয়র এএসপি আব্দুস সালাম।

তিনি বলেন, ‘সকাল থেকে আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। সেখান থেকে নিহতের ডিএনএ টেস্টের আলামতও সংগ্রহ করা হয়েছে। লাশের শরীরে ছয় থেকে সাতটি গুলির চিহ্ন পেয়েছি। যে জায়গায় বোমা নিষ্ক্রিয় করা হয়েছে সেখান থেকেও আমরা আলামত সংগ্রহ করেছি।’

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এক যুবক মোটরসাইকেলে করে র‌্যাব-৩-এর খিলগাঁও শেখের জায়গা চেকপোস্টে ঢোকার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি গুলি চালান। র‌্যাব পাল্টা গুলি চালালে ওই যুবক নিহত হন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হন।

এ ঘটনায় আহত দুই র‌্যাব সদস্যকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।