হাসিনা-সিরিসেনাবৈঠক, ১৪ চুক্তি-সমঝোতা সই

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৈঠকের পর শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে সিরিসেনাকে স্বাগত জানান শেখ হাসিনা। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে।

পরে দুই নেতা একান্ত বৈঠকে অংশ নেন। তারপর দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। শেষে করবীতে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়।

দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন চলাচলের বিষয়ে একটি চুক্তিতে সই করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবী করুনানায়েকে।