হি‌উম্যান রাইটস ওয়াচের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশে ২০১৩ সাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী শত শত মানুষকে অবৈধভাবে আটক এবং গোপন স্থানে আটকে রেখেছে বলে যে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘হি‌উম্যান রাইটস ওয়াচের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত।’

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা করেছে এই সংগঠনটি। তাদের বর্তমান প্রতিবেদনটিও সেই প্রচারণার অংশ।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা আছে। তারা এসব নিয়ে কিছু বলে না। তারা (এইচআরডব্লিউ) এত গায়ে পড়ে এসব বিষয় নিয়ে কথা বলতে আসে কেন?

মন্ত্রী বলেন, আমাদের দেশে আপনি কাকে গুম বা নিখোঁজ বলবেন? এখানে পাওনাদারের দাবি না মেটাতে পেরে ব্যবসায়ী নিখোঁজ হয়। বিবাহ-বহির্ভূত সম্পর্ক করে কেউ কেউ নিখোঁজ হয়ে যায়। আমরা এদের উদ্ধার করে নিয়ে আসি।

তিনি আরো বলেন, কাউকে আটক করলে আমরা ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতের সামনে হাজির করি। তাই প্রতিবেদনটির তীব্র প্রতিবাদ করছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ার অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, এমনভাবে কাউকে ক্ষমতা দেওয়ার প্রশ্নই ওঠে না। কোনো ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে বলে জানান তিনি।