হোসেনি দালানে বোমা হামলা : সাক্ষ্য হয়নি

নিজস্ব প্রতিবেদক : পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় ১০ জঙ্গির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি।

বৃহস্পতিবার মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আবুল কাশেম আগামী ১৩ আগস্ট পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেন।

এদিকে এদিন এ মামলায় চার আসামি ফের আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। এরা হলেন- ওমর ফারুক ওরফে মানিক, চাঁন মিয়া, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ এবং শাহজালাল।

গত ৩১ মে ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ অক্টোবর তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা হোসেনি দালানে বোমা হামলা চালায়। এতে দু’জন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় মামলা করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ গত বছরের এপ্রিল মাসে ওই চার্জশিট অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা গত বছরের অক্টোবর মাসে বিচারিক আদালতে আসে।

ওই হামলায় ১৩ জঙ্গির মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় তিন জঙ্গি ক্রসফায়ারে মারা যায়। আসামিরা সবাই জেএমবির সদস্য। এরা হলো- জাহিদ হাসান ওরফে রানা ওরফে মোসায়েব, আরমান, রুবেল ইসলাম ওরফে সজীব, কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক, মাসুদ রানা, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, আবু সাঈদ সোলায়মান ওরফে সালমান, শাহ জালাল, ওমর ফারুক ওরফে মানিক ও চাঁন মিয়া।

আসামিদের মধ্যে গত বছরের ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সময়ে ওমর ফারুক ওরফে মানিক, শাহ জালাল, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ ও চাঁন মিয়া জামিন পায়। বাকি ছয় আসামি কারাগারে রয়েছে। আসামিদের মধ্যে জাহিদ হাসান ওরফে রানা ওরফে মোসায়েব, আরমান ও কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।