জেলা প্রতিনিধিঃ ১১ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রি করে অপহরণের নাটক সাজানোর অভিযোগে মাসহ তিন নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার মধ্যরাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামারবাড়ি থেকে শিশুটি উদ্ধার করা হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানায়।
আটক তিনজন হলেন- শিশুর মা রেহানা আক্তার, শিশুটির ক্রয়কারী পারভীন আক্তার ও তার বোন মাফিয়া আক্তার।
পুলিশ জানায়, কুমিল্লার লাঙ্গলকোটের আলাউদ্দিনের স্ত্রী রেহেনা আক্তার তার ছোট ছেলে অপহরণ হয়েছে মর্মে ২০ সেপ্টেম্বর বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।
অভিযোগে বলা হয়, ওই দিন রেহানা তার স্বামীর বাড়ি লাঙ্গলকোট থেকে ফেনীতে বাবার বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে মহিপাল এলাকা থেকে তার শিশু অপহৃত হয়।
পরে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। এক পর্যায়ে বাদী শিশুর মা স্বীকার করে ৫০ হাজার টাকায় সে শিশুটিকে বিক্রি করেছিল। ঋণের টাকা পরিশোধ করতে রেহানা এ কাজ করেছেন বলে জানান তিনি।
পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার মধ্যরাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামারবাড়ি থেকে শিশুকে উদ্ধার করে।
শিশুর বাবা মো. আলাউদ্দিন জানান, তার স্ত্রী বলেছে, ছেলে অপহৃত হয়েছে। তার কথা বিশ্বাস না হওয়ায় ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ মূল ঘটনা উদঘাটন করে বাচ্চাকে উদ্ধার করে।
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, শিশুটির মা রেহানা বেগম, শিশু ক্রয়কারী পারভীন আক্তার ও মাফিয়া আক্তারের বিরুদ্ধে মামলা হবে।


