নিজস্ব প্রতিবেদক : একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। বুধবার ছিল এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের ৪২তম দিন। এদিন মামলার আসামি আরিফ হাসান সুমনের পক্ষে তার আইনজীবী এএসএম শাহজাহান যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর এ আসামির পক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমানও যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় মামলার কার্যক্রম আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এর আগে এ মামলায় পলাতক আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাওলানা লিটন ওরফে জুবায়ের, মুফতি সফিকুর রহমান, মো. ইকবাল, মাওলানা তাজউদ্দিন, জাহাঙ্গীর আলম বদর, রাতুল আহমদ বাবু, মহিবুল মোত্তাকিন, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, মো. খলিল, বিএনপি নেতা প্রাক্তন সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বিএনপি নেতা হারিছ চৌধুরী, আনিসুল মোরসালিন ও মুফতি আবদুল হাইয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এ মামলায় আটক আসামি উজ্জল ওরফে রতন, মুন্সি মুহিবুল্লাহ ওরফে অভি, আবদুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আসামি মাওলানা মো. সাঈদ ওরফে ডাক্তার জাফরের পক্ষে তাদের নিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।
গত ১ জানুয়ারি মামলার সব আসামিদের আইন অনুযায়ি সর্বোচ্চ সাজা দাবি করে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক পেশ শেষ করে। মামলার সকল আসামির বিরুদ্ধে আনীত অপরাধ স্বতন্ত্র, নিঃস্বার্থ, দালিলিক ও পারিপার্শ্বিক সাক্ষীদের দ্বারা দেওয়া সাক্ষ্যে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করে রাষ্ট্রপক্ষ।
প্রসঙ্গত, ২০০৪ সালের একুশে আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক।


