নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ইলেক্ট্রনিক্স পণ্যের গুদাম থেকে সোনা উদ্ধারের ঘটনায় তিন আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
মঙ্গলবার হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ ও অ্যাডভোকেট-অন-রেকর্ড সুফিয়া খাতুন। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৮ এপ্রিল চট্টগ্রামের সদরঘাট থানার আনু মাঝির ঘাট এলাকায় ‘এসি মেলা’ নামে একটি ইলেক্ট্রনিক্স পণ্যের গুদামে অভিযান চালিয়ে অলঙ্কারসহ প্রায় ২০ কেজি সোনা উদ্ধার করে পুলিশ।
ইলেক্ট্রনিক্স পণ্যের আড়ালে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে পুলিশ ওই গুদামে অভিযান চালায়। পরের দিন এ ঘটনার সদরঘাট থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সাতজনের নামে মামলা করেন।
এ মামলায় ২০১৬ সালের ১৫ মার্চ আরও দুজনকে যোগ করে এসি মেলার দুই মালিক মো. জসীম উদ্দিন, ভবতোষ বিশ্বাস রানা, কর্মচারী গিয়াস উদ্দিন টিটু, জসীম উদ্দিনের ভাই ইমরান খান, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আমিন ব্রাদার্সের মালিকদের একজন ফজলুল হক, ফরিদ, রুবেল, মো. সোয়েব ও আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
এ মামলায় উচ্চ আদালতে আবেদন করেন আসামি গিয়াস উদ্দিন, ইমরান খান ও মো. সোয়েব। চলতি বছরের ৭ জুন হাইকোর্ট তাদের জামিন দেন।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত।


