২৪ ঘণ্টার ব্যবধানে দেবর-ভাবির আত্মহত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে দেবর ও তার চাচাতো ভাবির আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক ছিল, যা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই ও মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজ কর্মস্থলের পাশের একটি বাসায় মিল্টন মল্লিক আত্মহত্যা করেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বুধবার সকালে নিজ বাড়িতে এলিনা আক্তারও আত্মহত্যা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মিল্টন কয়েক মাস আগে বিদেশ থেকে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরের দিনই একই পরিবারের আরেকজনের আত্মহত্যার খবর এলাকায় শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।

স্থানীয় আব্দুল খালেক মাদবর জানান, তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি নিয়ে পরিবারে আগে থেকেই আলোচনা ছিল। এই দুই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসী হতবাক।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।