২৪ ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ২৪ ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট ডাকা কেন অবৈধ হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বুধবার দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আজ সকালে আদালতের রায়ের প্রতিবাদে ডাকা অঘোষিত পরিবহন ধর্মঘট আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট আবেদন দায়ের করেন।

রিট আবেদনে পরিবহন ধর্মঘট প্রত্যাহার না করলে চালকদের লাইসেন্স বাতিল ও মালিকদের গাড়ি জব্দের নির্দেশনা চাওয়া হয়।

সড়ক, পরিবহন ও সেতু সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

প্রসঙ্গত, ২০১১ সালে মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন সাজার প্রতিবাদে রোববার খুলনা বিভাগের দশ জেলায় ধর্মঘট শুরু করে চালক-শ্রমিকরা।

সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিকনেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন। সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় দেওয়া হয় ঢাকার আদালতে। এরপর মঙ্গলবার থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।