নিজস্ব প্রতিবেদক : ভেজাল প্যারাসিটামল সেবনে শিশুমৃত্যুর ঘটনায় রিড ফার্মাসিউটিক্যালসের মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে আসা ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তার অদক্ষতা ও অযোগ্যতার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনের মহাপরিচালককে তা জানাতে হবে। এই দুই কর্মকর্তা হলেন- ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপ-পরিচালক আলতাফ হোসেন।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে ভেজাল প্যারাসিটামল সেবনে শিশুমৃত্যুর মামলা রায়ে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অযোগ্যতা ও অদক্ষতার অভিযোগ আনা হয়। এমতাবস্থায় তাদের দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।
গত ৯ মার্চ প্যারাসিটামল সেবনে শিশুমৃত্যুর ঘটনায় করা মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের মালিকসহ পাঁচ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। আদেশের কপি পাওয়ার সাতদিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।
গত বছরের ২৮ নভেম্বর ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান রিড ফার্মার মালিকসহ পাঁচজনকে খালাস দিয়েছিলেন। তারা হলেন প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মিজানুর রহমানের স্ত্রী রিড ফার্মার পরিচালক শিউলি রহমান, পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
এ রায়ের বিরুদ্ধে পাঁচজনের পর্যাপ্ত সাজা চেয়ে রাষ্ট্রপক্ষ গত জানুয়ারিতে আপিল করেন।
২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে সারা দেশে ২৮টি শিশু মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের তৎকালীন তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম ঢাকার ড্রাগ আদালতে ওষুধ কোম্পানিটির মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।


