৩০০ ফিট খালে তরুনীর ভাসমান মরদেহ : বয়ফ্রেন্ডের আঁচলেই মুশকিলের আধার!

বিশেষ প্রতিনিধি : রাজধানীর খিলক্ষেতে গত ১৬ই ফেব্রুয়ারী সোমবার ৩০০ফিট খালের মধ্যে ভাসমান অবস্থায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।পরে পরিচয় সনাক্ত হয় এবং ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।এই বিষয়ে মঙ্গলবার খিলক্ষেত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।মামলা নং- ০৫।

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী – উদ্ধার হওয়া তরুণীর নাম মায়মুনা আক্তার মিমি। পিতা মো.আব্দুল মতিন এবং মাতা নারগীস বেগম। চার ভাইবোনের মধ্যে মিমি সবার ছোট এবং বাবা-মায়ের একমাত্র মেয়ে। মিমিদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনজল এলাকায় এবং সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ. সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রমতে, রাজধানীর ভাটারা থানা এলাকায় মিমির জন্ম ও বেড়ে ওঠা।ঢাকায় দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সে গ্রামেরবাড়ি গাইবান্ধায় চলে যায়।সেখানে সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ. সরকারি কলেজে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। মিমি অনেকটা ধার্মিক মনা ছিলেন।তার ব্যাবহৃত মোবাইল ফোন সেটে ইনকামিং ও আউট গোয়িং কল বন্ধ থাকতো বিধায় সে স্ন্যাপচ্যাট ও ইমো ব্যাবহার করতো।

গত ১৪ই ফেব্রুয়ারি শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে মিমি নিজের পার্সব্যাগ ও বেশকিছু টাকা সঙ্গে নিয়ে রংপুরে খালুর বাসায় যায়। হঠাৎ ঢাকায় যাওয়ার কারণ জানতে চাইলে সে খালুকে জানায়, একটি রাজনৈতিক দলের এক নেতা তাকে চাকুরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, সেই নেতার মাধ্যমেই খালুর জন্যও ঢাকায় একটি চাকরির ব্যবস্থা করা সম্ভব বলে উল্লেখ করে মিমি। পরে সেখান থেকে আনুমানিক রাত দশটার দিকে সে ঢাকায় এসে বসুন্ধরার জিনিয়াস শপিং সেন্টারে তার ভাইয়ের অফিসে পৌঁছায়।

১৫ই ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১০টা। মিমি তার নিজের মোবাইল ফোন, পার্সব্যাগ ও টাকা-পয়সা ভাইয়ের বাসায় রেখেই ভাবিকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। যাবার সময়ে তার গায়ে পেষ্ট কালারের কামিজ এবং কালো রঙের পায়জামা ও কালো ওড়না পরনে ছিলো। পায়ে কালো রঙের জুতা ছিলো। সূত্র বলছে মিমি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার উদ্দ্যেশ্যে বের হয়ে যায়।কারণ ইদানীং তার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা চলছে।এদিকে মিমিকে সম্ভাব্য জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিকেলে মিমির ভাই আশরাফ ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।পরদিন ১৬ই ফেব্রুয়ারি দুপুরে ৩০০ ফিট খাল থেকে বিবস্ত্র অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ।পরে পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়,উদ্ধার হওয়া তরুণীই সেই নিখোঁজ মায়মুনা আক্তার ওরফে মিমি।স্বজনদের ভাষ্য, হঠাৎ গাইবান্ধা থেকে ঢাকায় আসার কারণ সে কাউকেই স্পষ্ট করে জানায়নি। তবে তার আচরণ ছিল অস্বাভাবিক।

ভাই আশরাফের বাসা থেকে বের হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মিমির জীবন থেমে যায়,খালের পানিতে ভেসে ওঠে তার বিবস্ত্র মরদেহ। আত্মহত্যা হলে শরীরের কাপড় গেল কোথায়? তাছাড়া শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই।তাহলে এটা শ্বাসরোধ নাকি ধর্ষণ-ময়নাতদন্ত রিপোর্টই দেবে তার চূড়ান্ত উত্তর। তবে ঘটনা প্রবাহ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে একটি সুপরিকল্পিত হত্যাকান্ডের। আর আলামত মুছে ফেলতেই পানিতে ভাসানো হয়েছে দেহ। এদিকে ক্রাইম পেট্রোল বিডি’র অনুসন্ধানে উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েনের বিস্ফোরক সূত্র – প্রশ্ন এখন আরও ঘনীভূত।মিমির চাকরিদাতা সেই রাজনৈতিক নেতাই কি তার কথিত বয়ফ্রেন্ড? আর তাই যদি হয় তাহলে এই গোপন সম্পর্কই মিমি হত্যার আগুন, যা শেষ পর্যন্ত প্রধান অপরাধীকে উন্মোচন করবে।