৩৬ আসনের বিপরীতে হাজারের বেশি ফরম বিক্রি বিএনপির

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৩৬টি পদের বিপরীতে হাজারের বেশি মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তিন দিন মিলিয়ে মোট বিক্রি হয়েছে এক হাজারের বেশি ফরম।

শায়রুল কবির বলেছেন, প্রথম দুই দিনে ১ হাজার ২৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তবে শেষ দিনের সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি। জমা পড়েছে প্রায় ৯০০টি মনোনয়নপত্র।

প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা হিসেবে মোট বিক্রয়মূল্য দাঁড়িয়েছে আনুমানিক ২০ লাখ টাকারও বেশি (ন্যূনতম হিসাব অনুযায়ী)। আর জমা পড়া প্রায় ৯০০টি মনোনয়নপত্রের প্রতিটির সঙ্গে ৫০ হাজার টাকা করে জমা দেওয়ার বিধান থাকায়, এ খাতে জমা পড়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা।

শায়রুল কবির খান বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ীই মনোনয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রোববার (১২ এপ্রিল) পর্যন্ত বিতরণ করা হবে। ফরম নিতে ২ হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা নেওয়া হবে।

আগামী ১২ মে ভোটের দিন নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।