নিজস্ব প্রতিবেদক : ৩৮তম বিসিএসে অনলাইন আবেদন প্রক্রিয়ার শেষ দিন আগামীকাল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আবেদনের সময় শেষ হচ্ছে।
পিএসসি সূত্রে জানা গেছে, এই বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।
পিএসসি সূত্র জানিয়েছে, বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি।
তা ছাড়া এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর নাগাদ ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহতেও পরীক্ষা নেওয়া হবে।
এদিকে, ৩৮তম বিসিএসের জন্য অনলাইনে আবেদনের ফরম পূরণের সময় ভুল করেছেন এমন ৬৮ প্রার্থীকে দু’দফায় নতুন করে আবেদনের সুযোগ দিয়েছে কমিশন। তাদেরও নির্দিষ্ট সময়ে আবেদন করতে হবে।
প্রসঙ্গত, পিএসসির অধীনে ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ১০ জুলাই শুরু হয়েছে। এই অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে বৃহস্পতিবার ১০ আগস্ট সন্ধ্যা ৬টায়।


