নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবির হত্যা মামলার তিন আসামিকে পুনরায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত এ আদেশ দেন।
যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন- ডিসকো বয়েজের দলনেতা শাহরিয়ার বিন সাত্তার সেতু ওরফে রায়হান আহমেদ সেতু ওরফে ডিসকো সেতু, বিগবস গ্রুপের দলনেতা মো. আক্তারুজ্জামান ছোটন ও জাহিদুল ইসলাম জুইস।
শাহীনুর রহমান, সেলিম খান, ইব্রাহিম হোসেন ওরফে সানি ও মিজানুর রহমান সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শাহীন মিয়া আসামিদের আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্ত, আলামত সংগ্রহ এবং অন্যান্য গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে তথ্য পেতে ওই তিনজনের ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। বাকি চারজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। তারা বলেন, পুলিশ তাদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। আপনি (বিচারক) আর তাদেরকে রিমান্ড দিয়েন না। জীবন রক্ষার্থে তাদের রিমান্ড নামঞ্জুর করে জামিন দিন। অন্যথায় তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি এই তিন আসামিসহ সাতজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উওরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


