নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩ জন শিক্ষিককে এমপিও প্রদান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত চারটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৪৩ জন শিক্ষক/শিক্ষিকা দীর্ঘ দিন চাকরি করলেও তারা সরকারি বেতনের অংশ (এমপিও) পাচ্ছিলেন না। তাই তারা এমপিও পাওয়ার জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে পৃথক পৃথক চারটি রিট করেন। হাইকোর্টে রিটকারীরা হলেন মুন্সীগঞ্জ গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক গাজী আসিফ, আফসার রিয়েল, হালুয়াঘাট আদর্শ মহিলা বিদ্যালয়ের প্রভাষক আলী আশরাফ, ধারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আসাদুজ্জামান, বীমপুর হাইস্কুলের সহকারী শিক্ষক আতিকুর রহমান, ময়দানদীঘি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা তানিয়া সুলতানা, করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সবুর, নোমান মাহমুদ, মো. গোলাম রব্বানী, আতিকা বাসরী, জিল্লুর রহমান, আতিক পারভেজসহ ৪৩ জন শিক্ষক। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত তাদেরকে এমপিও প্রদানের নির্দেশ দিয়েছেন।


