৪৭নং ওয়ার্ডের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চাই: মোতালেব হোসেন রতন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন মোতালেব হোসেন রতন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক উদ্যোগ, অসহায় মানুষের সহায়তা এবং জনসেবামূলক কাজেও তার সম্পৃক্ততা রয়েছে।

মোতালেব হোসেন রতন বলেন, “৪৭নং ওয়ার্ড আমার প্রাণের জায়গা। এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি সবসময় ছিলাম এবং আছি। ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য। আমি চাই ৪৭নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। এজন্য এলাকার সবার সহযোগিতা প্রয়োজন।”

এ সময় তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, মোতালেব হোসেন রতন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম, সহায়তা প্রদান এবং জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এজন্য এলাকার মানুষের মধ্যেও তার প্রতি ইতিবাচক প্রত্যাশা রয়েছে।