নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়।
এদিকে বেলাল উদ্দিনকে আটকের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায়।
ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি।
জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এই জামায়াত নেতা। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা টাকা মেশিনে গণনা চলছে।


