৭ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে কালভার্ট রোডে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পল্টন থানার ওসিকে এই মামলা দায়ের করতে বলা হয়েছে।

বাকি যে ছয়জনের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে, তারা হলেন- উপ-বিভাগীয় প্রকৌশলী সাঈদ শাহরিয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম, রুবি এন্টারপ্রাইজের মোহাম্মদ হোসেন, ডিসিসির কার্য সহকারী মো. রুস্তম আলী, ডিসিসির উপ-সহকারী প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন রাসেল ও সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।
এই ঘটনায় ইতিপূর্বে দায়ের করা প্রাথমিক তথ্য বিবরণীতে ভুল তথ্য সংযোজন করায় পল্টন থানার এ্স আই মুহিবুর রহমান সুজন ও ইন্সপেক্টর রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতকে অবহিত করতে বলা হয়েছে।

তবে এই ঘটনায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার আদালতে দাখিল করা ব্যাখ্যা গ্রহণ করে তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ওয়াসার শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমদ। ডিসিসির পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

এর আগে রোববার সকালে ব্যাখ্যা দিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাইকোর্টে আসেন।

গত ৭ মার্চ ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় তার ব্যাখ্যা দিতে তাদের তলব করেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়।

রুলে ম্যানহোলে পড়ে ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিবাদীদের কর্তব্য কাজে অবহেলার কারণে কেন তাদের দায়ী করা হইবে না তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া মৃত ব্যক্তির পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

স্থানীয় সরকার সচিব, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলে বিবাদী করা হয়েছে।

আদেশের আগে আদালত বলেন, ‘পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যু’ শীর্ষক প্রতিবেদন আমাদের নজরে এসেছে।