বাউফলে সড়কের মাঝে বেড়া দিয়ে পথ আটকে দেয়ার অভিযোগ !!

কহিনুর বাউফল (পটুয়াখালী ) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সড়কের মাঝে বাঁশের বেড়া দিয়ে জনসাধারনের চলাচলের পথ আটকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার সকালে সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের জোড়াপুল এলাকায় মৃধা বাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন সড়ক দিয়ে গ্রামের প্রায় অর্ধশত পরিবার যাতায়াত করেন।

সম্প্রতি মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) অর্থপেডিক সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোঃ শিহাব উদ্দিন। ওই স্বাস্থ্য সেবা কেন্দ্র নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরে বিভিন্ন নির্মাণ সামগ্রী পরিবহন করা হচ্ছিল। শুক্রবার ওই গ্রামের মোশারেফ হোসেন চাপরাসি নামের এক ব্যক্তি নিজের জমি দাবী করে সড়কটির অর্ধেক অংশ জুড়ে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। ফলে জনসাধারনের যাতায়াতের পথ ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে নির্মাণ সামগ্রী সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় কবির হোসেন ও আনসার উদ্দিনসহ একাধিক এলাকাবাসী বলেন, সড়কটি বন্ধ করে দেয়ায় জনসাধারণ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। অবিলম্বে বেড়া খুলে দেয়ার দাবী জানান এলাকাবাসী।

মোশারেফ হোসেন চাপরাসি বলেন, সবাই আমার জমির উপর দিয়ে যাতায়াত করায় গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি আমার নিজস্ব জমিতে বেড়া দিয়েছি। কারও চলাচলের পথ আটকে রাখিনি।