নিজস্ব প্রতিবেদকঃ অবিলম্বে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ছাঁটাই-চাকরিচ্যুতি বন্ধ করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শনিবার (১১ এপ্রিল) জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিন এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে আমিরুল হক আমিন জানান, দেশের বিভিন্ন শিল্প অঞ্চলে গার্মেন্টস সেক্টরে প্রতিনিয়ত শ্রমিকদের ছাঁটাই এবং চাকরিচ্যুতি চলছে। কোনো কোনো কারখানায় শ্রমিকদের নিয়মিত বেতন থেকে ঠকানোর অসৎ উদ্দেশ্যে লে-অফ-এর নোটিশ দিয়ে কারখানা বন্ধ করা হচ্ছে। অথচ সরকার গার্মেন্টস মালিকদের জন্য বিরাট অঙ্কের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। এই প্রণোদনার আওতায় গার্মেন্টস শ্রমিক কর্মচারিদের ৩ মাসের বেতন-ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
এরপরও দেশের মুনাফালোভী গার্মেন্টস মালিকেরা শ্রমিকদের বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে অহরহ চাকরিচ্যুতি, ছাঁটাই এবং কারখানা লে-অফ ঘোষণা করছে বলে অভিযোগ উত্থাপন করেন এই শ্রমিক নেতা।
তিনি আরো বলেন, শ্রমিকদের দিয়েই মাত্র কয়েক লক্ষ টাকা পুঁজি এবং অল্প সংখ্যক মেশিন দিয়ে ছোট গার্মেন্টস থেকে আজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর মালিক হয়েছেন গার্মেন্টস মালিকেরা। অনেকেই ব্যাংক, টিভি চ্যানেল, পত্রিকা এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিক হয়েছেন। অনেক মালিকেরই কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বাড়ি হয়েছে। সব সম্ভব হয়েছে গার্মেন্টস শ্রমিকদের রক্ত ঘাম করা শ্রমের বিনিময়ে। তাই অবিলম্বে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ছাঁটাই ও চাকরিচ্যুতি বন্ধ করার দাবি জানাচ্ছি।


