অলআউট অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : বিমর্ষ সাকিব আল হাসান। দুই হাত কোমড়ে রেখে দাঁড়িয়ে রয়েছেন মিরপুর শের-ই-বাংলায়। মুখ দিয়ে কোনো কথা বলছেন না। এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। কোনো মতে শান্ত করলেন বিশ্বসেরা অলরাউন্ডারকে! কী হয়েছিল প্রশ্ন জাগতেই পারে।

অস্ট্রেলিয়ার রান তখন ৮ উইকেটে ১৬৫। বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে তখনো তারা পিছিয়ে ৯৪ রানে। ব্যাটিংয়ে প্যাট কামিন্স, বোলিংয়ে সাকিব। বাঁহাতি স্পিনারের টেনে দেওয়া বলে কভারে ক্যাচ তুলে দিলেন প্যাট কামিন্স। ডিপ কভার থেকে দৌড়ে এসে ভালোমতোই বল তালুবন্দি করেছিলেন দলে ফেরা শফিউল ইসলাম। কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় বল হাত ফসকে বেরিয়ে গেল! জীবন পেলেন ক্যামিন্স, ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া।

১০ রানে জীবন পাওয়া কামিন্স পরবর্তীতে থামেন ২৩ রানে। দেখে মনে হতে পারে স্কোরবোর্ডে মাত্র ১৩ রান যোগ করেন কামিন্স। কিন্তু এর পেছনে রয়েছে বড় অবদান। জীবন পাওয়ার পর ৭৩ বল খেলে অ্যাশটন অ্যাগারকে নবম উইকেটে যোগ্য সঙ্গ দেন। খাদের কিনারায় থাকা অস্ট্রেলিয়া নবম উইকেটে ১৫২ বলে যোগ করে ৪৯ রান, যা ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ।

শেষ পর্যন্ত সেই সাকিবের হাত ধরেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। কামিন্সকে বোল্ড করে এবং জশ হ্যাজেলউডকে শর্ট লেগে ক্যাচে পরিণত করে সাকিব প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ৫ উইকেটের স্বাদ পান, সব মিলিয়ে ১৬তম। পাশাপাশি অসাধারণ এক রেকর্ডও গড়েন। চতুর্থ বোলার হিসেবে টেস্ট খেলুড়ে সবকটি দেশের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার অসাধারণ রেকর্ডবুকে নিজের নাম লেখালেন সাকিব।

সাকিবের ৫ উইকেট এবং মেহেদী হাসানের ৩ উইকেটে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২১৭ রানে। ৪৩ রানে এগিয়ে থেকে বাংলাদেশ এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে।

সোমবার দ্বিতীয় দিনের শুরুটা মেহেদী হাসানের আঘাত দিয়ে। ডানহাতি এ অফ স্পিনারের ফ্লাইটেট ডেলিভারিতে এগিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হন স্টিভেন স্মিথ। ‘বড় হুমকি’কে শুরুতেই ফিরিয়ে স্বস্তিতে টাইগার শিবির। এরপর প্রতিরোধ গড়েন পিটার হ্যান্ডসকম্ব ও ম্যাট রেনশ। দুজনের ৬৯ রানের জুটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় মুশফিকের।

কিন্তু তাইজুল তো ছিলেনই। পিটার হ্যান্ডসকম্বকে দারুণ এক ডেলিভারিতে আউট করেন তাইজুল। মধ্যাহ্ন বিরতির শেষ ওভারে সাকিবকে তৃতীয় স্পেলে বোলিংয়ে এনে রেনশকে সাজঘরে ফেরত পাঠান মুশফিক। ৯৪ বলে ৪৫ রান করা রেশন সাকিবের বলে স্লিপে ক্যাচ দেন।

বিরতির পর আবারও মেহেদীর আঘাত। অসি উইকেট রক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড মিরাজের আর্মার বলে এলবিডব্লিউর শিকার। সাতে নামা গ্লেন ম্যাক্সওয়েল বিপদ বাড়াতে পারেননি। ‘ম্যাক্সি’কে এগিয়ে আসতে দেখে টেনে বল দেন সাকিব। তাতেই বধ হার্ডহিটার। স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন ২৩ রানে।

শফিউলের ব্যর্থতার খেসারত ভালোভাবেই দিয়েছে বাংলাদেশ। নয়ত তিন অঙ্কের কাছাকাছি লিড থাকত! বাংলাদেশের পক্ষে সফল স্পিনাররাই। সাকিব নিয়েছেন ৬৮ রানে নিয়েছেন ৫ উইকেট। মিরাজ ৩ উইকেট নিয়েছেন ৬২ রান দিয়ে। তাইজুল তুলে নিয়েছেন একটি। সৌম্য আগের দিন রানআউট করেছেন একটি।