‘অসাধারণ ব্যাটিং করেছে দুজন’

ক্রীড়া প্রতিবেদক : সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার ম্যাচ। লক্ষ্য ২৬৬। কিন্তু বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাকের বিপক্ষে নড়বড়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রান তুলতেই নেই ৪ উইকেট! তামিম, সৌম্য, সাব্বির ও মুশফিক সাজঘরে।

পরবর্তী যারা ব্যাটিংয়ে ছিলেন তারা সবাই কম বেশি অফফর্মে! বিশেষ করে সাকিব আল হাসান। সেই সাকিবই পরবর্তীতে যা করলেন তা রূপকথার গল্পকেও হার মানিয়েছে। ১১৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলে বাংলাদেশকে দিয়েছেন অসাধারণ জয়ের স্বাদ। সাকিব ছিলেন নায়ক। পার্শ্ব-নায়কের ভূমিকায় মাহমুদউল্লাহ রিয়াদ। দলের জয়ে মাহমুদউল্লাহর অবদান ১০২। দুজনের সম্মিলিত অবদান ২২৪।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের রেকর্ড রানের জুটি গড়ে বাংলাদেশকে ৫ উইকেটের বড় স্বাদ দিয়েছেন দুই তারকা। মুশফিকুর রহিম আউট হওয়ার পরপরই হারের শঙ্কা বাংলাদেশ শিবিরে। ওই সময়ে দলের কেউই জয়ের কথা ভাবতে পারেননি। অধিনায়ক মাশরাফিও নয়। নড়াইল এক্সপ্রেস আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দলীয় একশ রান হওয়ার পর বিশ্বাস জন্ম নিতে থাকে টাইগার শিবিরে। ড্রেসিং রুমে ক্রিকেটাররা ফিরে পান আনন্দ। বিষন্ন মুখগুলোতে ফিরে আসে হাসি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘সত্যি বলতে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর জয়ের চিন্তা করা কঠিন ছিল। আমি করিনি। কিন্তু ওরা (মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান) যখন দলীয় একশ রান করে ফেলল তখন থেকে আমার বিশ্বাস জন্ম নিচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম কিছু একটা করবে ওরা দুজন। কারণ তারা উইকেটে অনেক সময় কাটিয়ে দিয়েছিল। ওখান থেকেই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি। তবে দুইশ রানের বেশি জুটি গড়বে এমন বিশ্বাস করিনি। অবিশ্বাস্য, অসাধারণ ব্যাটিং করেছে দুজন।’

মাশরাফি আরও বলেন, ‘হাফ টাইমে (প্রথম ইনিংস শেষে) মনে হচ্ছিল ম্যাচ আমাদের জন্য অনেক সহজ হতে যাচ্ছে। কিন্তু যখন ৩৩ রানে ৪ উইকেট পরে যাওয়ার পর জয়কে কঠিন মনে হয়েছিল। সত্যিকার অর্থে এ জয় আমাদের পরবর্তীতে ভালো করতে অনুপ্রাণিত করবে। এরকম পরিস্থিতি থেকে ম্যাচ জয় অনেক বড় দলের জন্যও কঠিন। আমরা পেরেছি সেজন্য ভালো লাগছে।’

মাহমুদউল্লাহ ও সাকিবের অতিমানবীয় ইনিংস নিয়ে মাশরাফি বলেছেন, ‘মাহমুদউল্লাহ শেষ বিশ্বকাপে এমন ইনিংস খেলেছে। সাকিবও খেলেছে। এটা তার জন্য প্রথম নয়। তবে এবারের মঞ্চে তাদের ব্যাটিং ও কীর্তি অবশ্যই আলাদা করে দেখতে হবে।’