বিরামপুরে

অ্যালকোহল জাতীয় বিষাক্ত নেশাদ্রব্য পানে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে অ্যালকোহল জাতীয় বিষাক্ত নেশাদ্রব্য পানে স্বামী-স্ত্রী সহ ৬ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বেশ কয়েকজন স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এক হোমিও চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার পৌর শহরের মাহমুদপুর শান্তি মোড় এলাকার হোমিও চিকিৎসক আঃ মান্নানের পল্লী হোমিও হল থেকে একই এলাকার কয়েকজন বন্ধু মিলে নেশা জাতীয় অ্যালকোহল কিনেন। পরে রাতেই তিন জনের মৃত্যু হয়। এবং গুরুতর অবস্থায় কয়েকজনকে রংপুর ও দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এদিকে একই ঘটনায় বুধবার সকালে শহরের হঠাৎ পাড়া এলাকার স্বামী-স্ত্রী উভয়ই গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিরামপুর হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অপরদিকে দুপুর বেলায় দিনাজপুর মেডিকেলে আরো একজনের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহমুদপুর শান্তিমোড় এলাকার আনুর ছেলে মতিন (২৬), তোজাম্মেল এর ছেলে আজিজুল (৩০), সুলতানের ছেলে মহসিন (২৫), ইসলাম পাড়া এলাকার তাপস চন্দ্রের ছেলে আমৃত, এবং হঠাৎ পাড়া গ্রামের মৃত. নূরুল ইসলামের ছেলে শফিকুল ও শফিকুলের স্ত্রী মঞ্জুয়ারা।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জড়িত সন্দেহে হোমিও চিকিৎসককে আটক করা হয়েছে এবং মরদেহ ময়না তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, অ্যালকোহল জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়লে সকালে স্বামী-স্ত্রী দু’জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে দুপুরে আরো দুই জন হাসপাতলে এসে ভর্তি হন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।