সচিবালয় প্রতিবেদক : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পার্লামেন্টের প্রতিনিধিরা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরে প্রতিনিধিদল সংসদ ভবন পরিদর্শনে আসে। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদেশি প্রতিনিধিদেরকে সংসদ ভবনে স্বাগত জানান।
বিদেশি অতিথিরা স্বাগতিক দেশের পার্লামেন্ট ভবনের সংসদ কক্ষ, লাইব্রেরি, স্থায়ী কমিটিসমুহের বৈঠক কক্ষসহ সংসদ ভবনের উত্তর এবং দক্ষিণ প্লাজা ঘুরে দেখেন।
চিফ হুইপ, হুইপ এবং কর্মকর্তাগণ বিদেশি প্রতিনিধিদের সঙ্গে থেকে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম এবং স্থাপত্যশৈলীর বর্ণনা দেন।
অতিথিরা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং উচ্ছ্বসিত প্রশংসা করেন।
ঢাকায় হচ্ছে আইপিইউ-এর ১৩৬তম অ্যাসেম্বলি। বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ এ সম্মেলনের আয়োজক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করছেন। সম্মেলনে আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী ও মহাসচিব মার্টিন চুংগং উপস্থিত আছেন।
শনিবার ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, এমপিসহ প্রায় দেড় হাজার ডেলিগেট নিয়ে আইপিইউর সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


