খেলা ডেক্স: ভারসাম্য দল নিয়ে মিনি বিশ্বকাপে অংশ নিচ্ছেন প্রাক্তন চ্যাম্পিয়নরা। কাগজে-কলমে সেরা দল এবং পূর্ণ আত্মবিশ্বাস ও অনুশীলন নিয়ে মাঠে নামতে পারছেন তারা।
সবার নজর থাকবে পেসার ট্রেন্ট বোল্টের দিকে। ইংলিশ কন্ডিশনে কুকাবোরা বল যদি সুইং করা শুরু করে তাহলে কপাল খারাপ ব্যাটসম্যানদের! ২০১৫ বিশ্বকাপের মতো ট্রেন্ট বোল্ট যে কোনো ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিবেন। শুধু বোল্ট না মিচেল স্টার্কও বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবেন।
চাপে থাকবেন কোরি অ্যান্ডারসন। এক বছর আগে অলরাউন্ডার হিসেবে অ্যান্ডারসনের বিকল্প কেউ ছিল না। এখন কোলিন ডি গ্র্যান্ডহোম চলে এসেছেন। ডানহাতি দীর্ঘদেহী এ অলরাউন্ডারও আন্তর্জাতিক ক্রিকেটে দ্যূতি ছড়িয়ে যাচ্ছেন।

১৯৯৮ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসর বসে বাংলাদেশে। তখন টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট ট্রফি।
২০০০ সালে কেনিয়ায় বসে দ্বিতীয় আসর। আয়োজক কেনিয়াসহ মোট ১১টি দেশ অংশ নেয়। সবাইকে অনেকটা অবাক করেই সেবার শিরোপা ঘরে তুলে নিউজিল্যান্ড।বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা এটি। গত বছর ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি ব্ল্যাকক্যাপসদের। নিউজিল্যান্ডের অধরা স্বপ্ন কি এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পূরণ হবে?
প্রশ্নের উত্তরটা সময়ই বলে দিবে। তবে র্যাঙ্কিংয়ের চতুর্থ দল নিউজিল্যান্ড এবার স্বপ্নের বীজ বুনতেই পারে। চিরচেনা কন্ডিশনে হবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো। ব্যাট-বলের পারফরম্যান্সও তাদের পক্ষে কথা বলছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তারকা ক্রিকেটারদের ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছেন তারা।
এবারের টুর্নামেন্টে ফেবারিট না হলেও একেবারে অবহেলার পাত্র তারা নন। কেন উইলিয়ামসন যে ম্যাচে জ্বলে উঠবেন সেদিন হাই স্কোরিং ম্যাচ হবে, তা নিশ্চিত। এছাড়া মার্টিন গাপটিল, রস টেলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ব্রুমরা সেরা সময় পার করছেন। নিউজিল্যান্ডের ব্যাটিং সাফল্য অনেকটাই তাদের উপর নির্ভর করছে।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পারদর্শী কোরি অ্যান্ডারসন। বাঁহাতি এ অলরাউন্ডার যেকোনো বোলিং আক্রমণ একাই গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম ও টিম সাউদির উপর অনেকটা সাফল্য নির্ভর করবে।
বাজিরদরে নিউজিল্যান্ড পিছিয়ে। কিন্তু নিজেদের দিনে কিউইরা ভয়ংকর রূপ ধারণ করে তা জানা অনেকেরই। চ্যাম্পিয়নস ট্রফিতে এবার তারা চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
নিউজিল্যান্ডের ম্যাচ :
২ জুন: প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৬ জুন: প্রতিপক্ষ ইংল্যান্ড
৯ জুন: প্রতিপক্ষ বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচ :
২৮ মে: প্রতিপক্ষ ভারত
৩০ মে: প্রতিপক্ষ শ্রীলঙ্কা


