ক্রীড়া প্রতিবেদক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে আগামীকাল। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। বড় মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বেশ কিছু সুখস্মৃতি রয়েছে। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। সময়ের বিবর্তনে বাংলাদেশের ক্রিকেটও অনেক উন্নতি করেছে। ইংল্যান্ডও এগিয়েছে অনেক দূর। শক্তিমত্তার দিক দিয়ে দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য হয়তো নেই। তারপরও নিজেদের ফেভারিট মানতে রাজি নন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমাদের সুখস্মৃতি রয়েছে। সেটা অনেক আগের স্মৃতি। কিন্তু গেল দুই বছরে তারা অনেক এগিয়েছে। অনেক ভালো ক্রিকেট খেলছে। প্রায় সব কিছু জিতেছে তারা। ঘরের মাঠে তারা সম্পূর্ণ ভিন্ন দল। আমরাও অনেক উন্নতি করেছি। গেল দুই তিন বছরে আমরাও ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু তারপরও ঘরের মাঠে ফেভারিট ইংল্যান্ড। বাইরের কোনো দেশে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। সেটা কেবল আমাদের জন্য নয়, সব দলের জন্যই। তবে আশা করছি আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে পারব। কারণ, এবারই প্রথম আমরা যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি খেলছি। দলের খেলোয়াড়রা খুবই আন্দোলিত। তারা তাদের সেরাটা দিয়ে খেলবে আশা করছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। তারা গেল ১০/১২ বছর ধরে একসঙ্গে খেলছে। তাদের সঙ্গে বেশ কিছু তরুণ খেলোয়াড় রয়েছে। বিশেষ করে মুস্তাফিজ, তাসকিন, সাব্বির রহমান। তারা বেশ ভালো খেলছে। সব মিলিয়ে কম্বিনেশনটা বেশ ভালো। সে কারণেই আমাদের ক্রিকেট সঠিক পথে এগিয়ে যাচ্ছে। তাছাড়া এ বছর আমরা অধিকাংশ সিরিজ দেশের বাইরে খেলেছি। সব মিলিয়ে আমাদের আত্মবিশ্বাসও বেশ উঁচুতে।’
কালকে ইংল্যান্ডকে বাংলাদেশ আবারো হারিয়ে দিতে পারবে কী না ইংলিশ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আসলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না। এটা সত্যি যে আমাদের দিনে আমরা যে কাউকে হারিয়ে দিতে পারি। আসলে আমাদেরকে ভালো একটি সূচনা পেতে হবে। শুরুটা ভালো হলে সবকিছু ঠিকঠাকভাবে এগোবে। অবশ্য অনেক চাপ থাকবে। আশা করছি সেগুলো মানিয়ে নিতে পারব। ইংল্যান্ড দল আমাদের চেয়েও বেশি চাপে থাকবে। কারণ, তারা শিরোপা জিততে চায়। তার উপর তাদের ঘরের মাঠে খেলা। সব মিলিয়ে উভয় দলই চাপের মধ্যে থাকবে। যারা সেটা ভালোভাবে মোকাবেলা করতে পারবে তারাই জিতবে।’


