জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস ইস্যুতে লকডাউন হওয়া সিলেটজুড়ে আইসোলেশনে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেইসঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে হোম কোয়ারেন্টিনেও লোকজনের সংখ্যা বাড়ছে।
করোনা সন্দেহে বিভাগজুড়ে আইসোলেশনে আছেন ৪৬ জন রোগী। যার মধ্যে সিলেটে ১১ জন, হবিগঞ্জে ৩৪ জন ও সুনামগঞ্জে একজন।
শুক্রবার (১০ এপ্রিল) আইসোলেশনে ছিলেন ৩২ জন। একদিনের ব্যবধানে শনিবার (১১ এপ্রিল) আইসোলেশনে ১৪ জন রোগী বেড়ে হয়েছে ৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইসোলেশন থেকে নতুন করে কেউ ছাড়পত্র পাননি। এছাড়া শুক্রবার হোম কোয়োরেন্টিনে ৬২৩ জন ছিলেন। একদিনের ব্যবধানে আরও ৪০ জন বেড়ে হয়েছে ৬৬৩ জন।
এদিকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, তার এখানে আইসোলেশনে ১০ জন রোগী চিকিৎসাধীন।


