মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন,আওয়ামী লীগ সরকার কথা দিয়ে কথা রাখে। কথা দিয়ে বেঈমানি করে না। আমরা মানুষ হত্যা করে রাজনীতি করি না,করবো না । যারা আমাদের পিছনে কথা বলেন তাদের বলি পিছনে নয় সামনে এসে কথা বলুন। আওয়ামী লীগ প্রতিটি সময় উন্নয়নে বিশ্বাস করে, বিশ্বাস রাখে।
আজ মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামরাথ হাট থেকে লাহিড়ী হাট পর্যন্ত, নতুন সড়কের কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ঠাকুরগাঁও এল জি ইডির বাস্তবায়নে প্রায় ২ কি:মি: রাস্তার ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যায় এই রাস্তা পাকা করণের কাজ সম্পূর্ণ করা হবে।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। গরীব মানুষের বাসস্থান ও রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। এর আগে যারা ক্ষমতায় ছিলেন গরীব মানুষের জন্য কিছুই করেননি।
তিনি বলেন, সামনে ইউপি নির্বাচন হবে, আপনারা সকলে সেই নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করবেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করলেই উন্নয়ন বেড়ে যাবে।
রুহিয়া পশ্চিম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সহধর্মিণী অঞ্জলি রাণী সেন, ঠাকুরগাঁও এল জি ইডির নির্বাহী প্রকৌশলী শাহরুল আলম মন্ডল, উপজেলা এল জি ইডির প্রকৌশলী ইসমাইল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু, রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনীল কুমার সেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ।


