আখাউড়ায় ৮০০ পরিবারে খাদ্যসামগ্রী দিলেন আইনমন্ত্রী

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত অর্থায়নে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দ্বিতীয় পর্যায়ে ৮শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখাউড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় ৮শ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, এক লিটার তেল, দুই কেজি আলু, মসুর ডাল দুই কেজি, লবণ এক কেজি ও সাবান একটা। এসব খাদ্যসামগ্রী তিনদিনের মধ্যে রিকশা, অটোরিকশা ও ঠেলাগাড়ি চালক, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে, ফুটপাতের দোকানি, গৃহকর্মী, নৈশপ্রহরী ও শ্রমিকসহ দরিদ্র-অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে।
এজন্য আখাউড়ার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে কমিটি গঠন করে ওয়ার্ডভিত্তিক ৮শ পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। এর আগে গত সপ্তাহে প্রথম পর্যায়ে আখাউড়ার ৪শ পরিবারে খাবার বিতরণ করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পৌর এলাকার ১২ জন বেকার শ্রমিক আইনমন্ত্রী আনিসুল হককে ফোন করে তাদের সমস্যার কথা জানালে তাদের সহায়তা করা হয়েছে। এছাড়া তাদের বাড়ির আশপাশের কয়েকজন দরিদ্র ব্যক্তি কোনো সহায়তা পাননি জানালে মন্ত্রীর নির্দেশে তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানো হয়।