নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে এই টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন বিক্রি হচ্ছে ১৭ আগস্টের যাত্রার টিকিট। তবে শুরুতে আগাম টিকিটের জন্য উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়নি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ রাইজিংবিডিকে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এখনো টিকিটের জন্য উল্লেখযোগ্য ভিড় নেই। সকাল থেকে আগ্রহীরা স্বাচ্ছন্দ্যে টিকিট সংগ্রহ করতে পারছেন। স্টেশন ম্যানেজার জানান, প্রথম দিন চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যের নয়টি আন্তঃনগর ট্রেন ও একটি এক্সপ্রেস ট্রেনের মোট ৬ হাজার ৯৭৫টি টিকিট বিক্রি হবে। এর মধ্যে কাউন্টার থেকে বিক্রি হবে ৪ হাজার ৯৮৯টি টিকিট এবং অনলাইনে বিক্রি হবে মোট টিকিটের ২৫ শতাংশ। এ ছাড়া ভিআইপি ও রেলওয়ে কর্মীদের জন্য মোট ১০ শতাংশ টিকিট সংরক্ষিত থাকবে।


