আজ পবিত্র বুদ্ধ পূর্ণিমা: উদযাপিত হবে বাড়িতে

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি: আজ বুধবার বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এ দিনে বুদ্ধের জন্ম, বোধি লাভ ও মহাপরিনির্বাণ হয়েছিল। করোনা মহামারির কারণে এবার সব বিহার, প্যাগোডায় কোনও রকম বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হবে না।

শুধু বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষু সংঘরা বিহারে ধর্মীয় অনুষ্ঠান, পূজা, বন্দনাসহ ধর্মীয় কাজ সমাধা করবেন। অন্যান্যরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে ধর্মীয় কার্য প্রতিপালন করবেন। দেশের শীর্ষ বৌদ্ধ সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনটি সরকারি ছুটির দিন।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। বাণীতে তাঁরা শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। প্রায় আড়াই হাজার বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনি কাননে।

এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায়। এ ছাড়া গৌতমবুদ্ধের মৃত্যুও হয়েছিল এ রাতেই। আর এ কারণেই এ তিথিকে বলা হয় বুদ্ধপূর্ণিমা। এ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকে।

দেশের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় মর্যাদায় প্রতিবছর বুদ্ধ পূর্ণিমা পালন করা হলেও এবার করোনার জন্য ঘরেই উদযাপন করতে বলা হয়েছে। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় বলেন, আমরা নিজ নিজ বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করব।