বিশ্ব বাঘ দিবস আজ (২৯ জুলাই)। ‘বাঘ আমার অহংকার, রক্ষার দায়িত্ব সবার’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে।
বাঘের অন্যতম আবাসস্থল সুন্দরবন সংলগ্ন জেলা বাগেরহাটেও দিবসটি উপলক্ষে বন বিভাগ নানা আয়োজন করেছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭৫ সালের জরিপে সুন্দরবনে বাঘ ছিল ৩৫০টি। ১৯৮২ সালের জরিপে দেখা যায় বাঘের সংখ্যা ৪২৫টি। ১৯৮৪ সালে সুন্দরবনের ১১০ বর্গকিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে ৪৩০ থেকে ৪৫০টি, ২০০৪ সালের জরিপে ৪৪০টি বাঘ থাকার কথা জানানো হয়। ২০১৫ সালে ‘ক্যামেরা ট্র্যাকিং’ পদ্ধতিতে পরিচালিত জরিপে বাঘের সংখ্যা বলা হয়েছে ১০৬টি। ২০১৮ সালে করা একটি জরিপের ফলাফলে বর্তমানে সুন্দরবনে বাঘ রয়েছে ১১৪টি।
অর্থ্যাৎ দেড় যুগের ব্যবধানে ৩২৬টি বাঘ কমেছে সুন্দরবনে। আর কয়েক বছরে বেড়েছে আটটি বাঘ। তবে বর্তমানে সুন্দরবনে বাঘের আনাগোনা বাড়ছে। সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘের অবাধ বিচরণ ও প্রতিনিয়ত বাঘ শাবকের দেখা মিলছে বলে জানান সুন্দরবনের জেলে-বাওয়ালিরা।
চলতি বছরের ১২ মার্চ সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ছিটা কটকা খালে একসঙ্গে চারটি বাঘের দেখা পেয়েছিলেন পর্যটকরা। তখন তাদের তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়। এর আগে ২৪ ফেব্রুয়ারি বনরক্ষীরা কটকা এলাকায় এক সঙ্গে তিনটি বাঘ দেখতে পেয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময় শরণখোলা ও মোংলার লোকালয়ে বাঘের দেখা পেয়েছেন স্থানীয়রা। চোরাশিকার বন্ধে স্মার্ট পেট্রোলিং চালুকরণসহ সরকারের নানা উদ্যোগের কারণে বাঘের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


