আজ সরস্বতী পূজা ক্রাইম প্রেট্রোল বিডি পরিবারের শুভেচ্ছা

রাজিব শর্মা(চট্টগ্রাম অফিস): আজ রবিবার হিন্দু ধর্মালম্বীদের অন্যতম পবিত্র সরস্বতী পূজা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন। গতকাল শনিবার মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচনা হয়। চলবে আজ রাত অবধি। তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর চরণামৃত নেবেন ভক্তরা। আজ সকাল নয়টার দিকে হবে বাণী অর্চনা। পুরোহিতরা ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’—এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন, পূজার আচার পালন করবেন। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন। তাদের বিশ্বাস, দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হবে অনেকস্থানে। সন্ধ্যায় থাকবে আরতি। সন্ধ্যার পর বিভিন্ন মণ্ডপে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে এক বক্তব্যের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। দেবী সরস্বতীর পূজার্চনা উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহবান জানান।

ঢাকাঃ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে জমজমাট পূজা উত্সবের প্রস্তুতি শেষ হয়েছে। রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলেও পালিত হবে সরস্বতী পূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সরস্বতী পূজার আয়োজন করেছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, পুরান ঢাকার বাণী ভবন, বুয়েটসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগেও এ পূজা উদযাপিত হবে। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এই গত বছরের ন্যায় ২য় বারের মতো আরাধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে অঞ্জলী ও প্রসাদ বিতরণ করা হবে। প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণেও আজ পুষ্পাঞ্জলির আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামঃ বন্দর নগরী চট্টগ্রামের জেএমসেন হল প্রাঙ্গনে চবি, প্রিমিয়ার,  সাউদার্ন, বিশ্ববিদ্যালয়,  অপর্নাচরণ, কুসুমকুমারী, কৃষ্ণকুমারী, পাথরঘাটা, নালাপাড়া, নন্দনকানন, গোসাইলডাঙগাসহ ১৮টি থানায় ১৯২ টি স্থানে পূজাপালিত হচ্ছে।  এখানে সকাল ৬টায় প্রতিমা স্থাপন, ৯টায় স্তোত্র পাঠ, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি প্রদান, বেলা ১২টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি এবং রাতে আলোকসজ্জার আয়োজন করা হবে।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সনাতন ধর্মের হিন্দু ধর্মালম্বীদের ক্রাইম প্রেট্রোল বিডি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান  সম্পাদক ও প্রকাশক মোঃ আলতাবুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম ব্যুরো রাজিব শর্মা সহ ক্রাইম প্রেট্রোল বিডি পরিবার।