আত্মহননের আগে চিরকুটে কী লিখেছিলেন তৃণমূল নেতা?

পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও রামপুরহাটের টানা ২৫ বছরের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের (৭৪) মরদেহ বীরভূমে তার বাড়ির পাশে দলের কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে পুলিশ তার ঝুলন্ত দেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট উদ্ধার করে।

বাংলায় লেখা এক পৃষ্ঠার ওই চিরকুটে প্রবীণ এই রাজনৈতিক নেতা উল্লেখ করেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। একই সঙ্গে রাজনীতিতে আসা তার জীবনের বড় ভুল ছিল উল্লেখ করে তিনি পরিবারের তরুণ সদস্যদের ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেন।

তিনি জানান যে, তিনি কখনো কোনো দুর্নীতিতে জড়িত ছিলেন না এবং কোনো কাজের বিনিময়ে টাকা নেননি। এ ছাড়া তৃণমূলের ভেতরের সব ‘অন্যায়’ বা ভুল কাজ তিনি মেনে নিতে না পারলেও সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে না পারার অনুশোচনা প্রকাশ করেন।

তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষের (টিআরডিএ) সঙ্গে সম্পর্কিত বিষয়ে তিনি জানান, সাধারণ সভায় যোগ দেওয়া ছাড়া কোনো টেন্ডার কমিটি, চেক স্বাক্ষর, নকশা অনুমোদন বা অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার ক্ষেত্রে তার কোনো ক্ষমতা বা ভূমিকা ছিল না। তাকে অপমানিত ও কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ তুলে তিনি তার তীব্র নিন্দা জানান এবং পরিবারের তরুণদের রাজনৈতিক জটিলতা এড়িয়ে নিজেদের পেশাগত কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পুলিশ ইতোমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।