আধুনিকতার ছোঁয়ায় আজ বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: ও বউ ধান ভানে রে, ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে বউ নাচে, হেলিয়া দুলিয়া………।
ঢেঁকি পাড়ে পল্লী বধূদের এমন গানে মুখরিত হত বাংলার গ্রামীণ জনপদ। ধান থেকে চাল, চাল থেকে আটা।এই দুই উপাদান প্রস্তুত একটি মাধ্যম ঢেঁকি।নবান্ন এলেই ঢেঁকি পারে ধুম পড়তো গ্রাম-মহল্লায় ধানের আটা তৈরির কাজে। আজ বিলীন হয়ে গেছেন সভ্য সমাজ থেকে আধুনিকতার ছোঁয়ার কারণে।

নতুন প্রজন্মের কাছে ‘ঢেঁকি’ শব্দটি প্রবীনদের কাছে শোনা শুধুই অতিতের গল্প মাত্র। বাস্তবে ঢেঁকি নেই, নেই এর ব্যবহার। আশির দশক থেকে ক্রমান্নয়ে  সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় বাঙালির অনেক ঐতিহাস আজ বিলুপ্তির পথে।গ্রামীণ সভ্যতার এক অনন্য নিদর্শন ঢেঁকি।কিন্তু আধুনিক মেশিনারি সরঞ্জাম এর ব্যবহার বেড়ে যাওয়ায় এখন আর ঢেঁকির দিকে কেউই ঝুঁকছেন না। গ্রামের বাড়িতেও আগের মত দেখা মিলে না ঢেঁকির।তাই ঢেঁকির বিকল্প হিসাবে গাঁয়ের বধূরা ব্যবহার করছেন লোহার তৈরি বিশেষ যন্ত্র ‘হ্যামানদস্তা’।

এর আগে এসব ঢেঁকিতে তৈরি করা আটা দিয়ে ঘরে ঘরে প্রস্তুত করা হতো পুলি, ভাপা, পাটি শাপটা, তেলপিঠা, চিতইসহ নানান ধরনের বাহারি সব পিঠা-পুলি। পিঠার গন্ধ ছড়িয়ে পড়তো এক গ্রাম থেকে অন্য গ্রামে। উৎসবমুখর পরিবেশে উৎযাপন করা হতো নবান্ন উৎসব। গ্রামীণ জনপদগুলোতে এখন বিরাজ করছে শহুরে আমেজ। তাই গ্রামে আর নেই সেই ঢেঁকি, নেই পল্লী বধূদের মনমাতানো গান। কিছু জায়গায় নবান্ন উৎসব হলেও পিঠা-পুলির তেমন সমাহার আর চোখে পড়ে না। গ্রাম বাংলার এমন চিরায়ত সব ঐতিহ্য এখন শুধুই স্মৃতি।

ঢেঁকিছাটা চাল শরীর ও স্বাস্থ্যের জন্য উপযোগী হওয়ায় তা দিয়ে গ্রামের শিশুদের জাউ তৈরি করে খাওয়ানো হতো। কিন্তু কাল চক্রের বিবর্তন ও যান্ত্রিক সভ্যতার আগ্রাসনে হারিয়ে যাচ্ছে ধান থেকে চাল-আটা তৈরীর একমাত্র মাধ্যম ঢেঁকি।

ঢেঁকির বিবরণ: ঢেঁকি বড় কাঠের গুড়ি দিয়ে তৈরী। অন্তত ৬ ফুট লম্বা। যার অগ্রভাগের মাথার কাছাকাছি দেড় ফুট লম্বা মনাই। মনাইয়ের মাথায় পড়ানো লোহার রিং (আঞ্চলিক ভাষায় চুরন বলা হয়)। চুরন বার বার যেখানে আঘাত করে নিচের সেই অংশটুকুর নাম গর। সেটিও কাঠের তৈরী।

ঢেঁকিতে ধান বা চাল মাড়াই করতে কমপক্ষে তিনজন মানুষের প্রয়োজন হয়। পেছনের লেজ বিশিষ্ট চ্যাপ্টা অংশে এক বা দু’জন পা দিয়ে তালে তালে চাপ দিলে মনাই সজোরে গরের ভেতর ধান বা চালের ওপর আঘাত করে। তবে মনাই ওঠা নামার ছান্দিক তালে তালে আরো একজন মহিলা আঁকারা ধান চাল মাড়াই করতে সাহায্য করে। তবে ঢেঁকিতে পাড় দেয়া আর আল্যি দেয়ার মধ্যে সঠিক সমন্বয় না থাকলে ছন্দপতন ঘটতে পারে।বর্তমান সময়ে কিছু কিছু বাড়িতে ঢেঁকি থাকলেও  তার ব্যবহার করা হয় না।

গ্রামাঞ্চলে নতুন ধান ওঠার পর, ঢেঁকিতে ধান ভেঙ্গে নবান্ন উৎসবের কথা এখন স্রেফ পুস্তকে সীমাবদ্ধ। প্রযুক্তির এই যুগে অনেক ঐতিহ্য আজ শুধুই স্মৃতি। সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকিও আর দেখা যায়না। গ্রামে ২/১ টি ঢেঁকি চোখে পড়লেও পড়তে পারে। কয়েক বছর পর হয়তো ঢেঁকির দেখা মিলবে শুধুই জাদুঘরে।