আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : শনিবার কলকাতার উদ্দেশে খুলনা রেলওয়ে স্টেশন ছেড়ে গেল প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২। বাস্তবায়ন হলো আরো একটি স্বপ্নের। আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেনের।

শনিবার কলকাতার উদ্দেশে খুলনা রেলওয়ে স্টেশন ছেড়ে গেল প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২।

স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটিকে বিদায় জানান খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলামসহ হাজারও উৎসুক জনতা। সকাল ঠিক ৮টা ১০ মিনিটে ট্রেনটি খুলনা স্টেশন ত্যাগ করে।

উদ্বোধনী ট্রেনে চড়লেন রেলওয়ে মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। এ ছাড়া ট্রেনটিতে রেলওয়ের পদস্থ কর্মকর্তারা এবং সাধারণ মানুষও যাত্রা করেন।

ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো সাদার মাঝে লাল সবুজ রেখা টানা পাঁচটি বগির ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল হয়ে ভারতের পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে। পথে বেনাপোল স্থলবন্দরে খুলনা-কলকাতার মধ্যে পরীক্ষামূলক আন্তঃদেশীয় ট্রেনটি নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। অনুষ্ঠানের পর ট্রেনটি কলকাতা যাবে এবং আগামীকাল রোববার সকাল ৮টা ৫ মিনিটে কলকাতা থেকে খুলনায় ফিরে আসবে।

খুলনাসহ এ অঞ্চলের মানুষ মনে করেন, আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চালু হলে খুলনাবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। বেনাপোল স্থলবন্দর হয়ে সাড়ে ৩ ঘণ্টায় তারা যেতে পারবেন কলকাতায়। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে রোগী, পর্যটক, ব্যবসায়ী কলকাতায় পৌঁছাতে পারবে। এতে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ঘটবে। গতিশীল হবে দুদেশের অর্থনীতির চাকা।