আমতলীতে বাদশা গাজীকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ

মোঃ ইউসুফ আলী, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ঘোষখালী মাজারসংলগ্ন এলাকায় বাদশা গাজী নামে এক ব্যক্তিকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঘোষখালী মাজারের পাশে সোবাহান মাদবরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও আহতের স্বজনদের অভিযোগ, বাদশা গাজী ঘোষখালী বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে দুলাল গজীর নেতৃত্বে জসিম আকন ও তাঁর ছেলে সজীব আকন তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন এবং তাঁর নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হতে শুরু করলে অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে চলে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা আহত বাদশা গাজীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান। সেখানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়।

আহত ব্যক্তির স্বজনদের দাবি, ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে না এলে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। তাঁরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী ও স্বজনদের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।