ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়াকে পেশাদার ও শক্তিশালী দল হিসেবে দেখলেও তাদের বিপক্ষে জয়ের আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। টেস্ট দলপতির বিশ্বাস, দলের চার-পাঁচজনের সেরা পারফরম্যান্স এবং অন্যদের ছোট-ছোট অবদানে সফরকারীদের বিপক্ষে বড় জয় তুলে নেওয়া সম্ভব।
রোববার ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২০০৬ সালের পর বাংলাদেশ আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে। সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় দুই দলই সমান অবস্থানে রয়েছে। তবে হোম কন্ডিশনে বাংলাদেশ কিছুটা এগিয়ে। দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও তামিম স্পষ্ট বলেছেন, ২-০ ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশ মাঠে নামবে। কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও একই প্রত্যাশা। মুশফিকের কন্ঠেও একই সুর।
শনিবার মিরপুরে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘ক্রিকেট খেলা মানেই অবশ্যই জয়ের জন্য খেলা। শেষ সিরিজ এবং শেষ দুই বছরে আমরা হোম কন্ডিশনে ধারাবাহিক ক্রিকেট খেলছি। আমার মনে হয়, সবাই ওই বিশ্বাস থেকেই বলেছে যে সিরিজ জেতা সম্ভব। এটা শুধু বলার জন্য বলা নয়। আমাদের সেই বিশ্বাস আছে এবং পর্যাপ্ত সম্পদ আছে; যারা যেকোনো সময়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। একটা দলে যখন ছয়-সাতজন পারফরমার থাকবে তখন ভালো ফল, ইতিবাচক ফল প্রত্যাশা করা যায়। আমাদের দলে এমন খেলোয়াড়ও আছে যারা বাজে অবস্থান থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে আসতে পারবে।’
প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে নিয়ে মুশফিকের মূল্যায়ন, ‘আমরা এলিয়েনের (ভিনগ্রহের প্রাণী) বিপক্ষে তো খেলছি না! আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছি, যারা অনেক পেশাদার এবং শক্তিশালী। একটা দিকে একটু ভিন্ন হতে পারে যে, এ দলটির সঙ্গে আমরা প্রথমবারের মতো খেলছি। তবে আমরা কিন্তু এর আগেও অনেক ভালো খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি। ওদের বিপক্ষে আমরা অনেক দিন পর খেলছি। এরকম টপ ক্লাস দলের সঙ্গে খেলার সুযোগ হয় না। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই, যেন ভবিষ্যতে আরো বেশি বেশি খেলার সুযোগ পাই।’
র্যাঙ্কিংয়ের চার নম্বর দল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, নাথান লায়ান কিংবা জশ হ্যাজেলউডদের হারানো কি এতটাও সহজ হবে? মোটেই না। এক সময়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটিকে হারাতে কী করতে হবে, তা মনে করিয়ে দিলেন টেস্ট দলপতি, ‘নিশ্চিতভাবেই বলছি এতটাও সহজ হবে না সিরিজ জেতা। জয়ের জন্য আমাদেরকে সব বিভাগেই ভালো করতে হবে। বেসিকগুলো ঠিক রাখতে হবে। আমরা এমন একটা দলের সঙ্গে খেলছি, যারা শেষ পর্যন্ত লড়বে। অনেক দল আছে যারা সুযোগ নেই বুঝতে পারলে, ছেড়ে দেয়। কিন্তু অস্ট্রেলিয়া তা নয়। আমাদের সেভাবেই খেলতে হবে। মানসিকভাবে বা দক্ষতার দিক থেকে আমাদের দক্ষ অনেক ক্রিকেটার আছে।’
২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার অজুহাতে তখন সফর করেনি তারা। এবারের সফর নিয়েও ছিল জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া এসেছে এবং সিরিজ খেলতে মুখিয়ে তারাও। বাংলাদেশের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাতে ভোলেননি মুশফিক, ‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিতে চাই। কারণ তারা এসেছে। তারা না এলে দুইটা টেস্ট আমাদের কম খেলা হতো। তাদের আসাটা বাংলাদেশের ক্রিকেট দর্শকদের জন্যও অনেক আনন্দের ব্যাপার। গত আড়াই বছর আমরা ভালো খেলার এবং ভালো একটা দল গড়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, বিশ্ব ক্রিকেট খুব ভালো একটা সিরিজ পেতে যাচ্ছে।’


