ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা আজ রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। চার বছর পর বিসিবির সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হল।
১৩৩ কাউন্সিলরের উপস্থিতিতে বিসিবি নতুন গঠনতন্ত্র উপস্থাপন করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন,‘আমাদের ২০১৭ সালের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।’
বোর্ড সভাপতি নিজ বক্তব্যে বলেন,‘আমরা ২০০৮ থেকে শুরু করে যতগুলো এজিএম-ইজিএম হয়েছে এবং গঠনতন্ত্রে যা যা সংস্করণ হয়েছে সবগুলোকে অন্তর্ভূক্ত করে এবার অনুমোদন করে নিয়েছি। ২০১২ সালে যে গঠনতন্ত্র ছিল সেটা থেকে বড় কোনো পরিবর্তন আনিনি। যদি বলা হয় ২০১২ সালে যেটা ছিল সেটার হুবুহু তাহলেও ভুল হবে না।’
‘হুবুহু’ বললেও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটা নতুন গঠনতন্ত্রে কমিয়ে দিয়েছে বিসিবি। ২০১২ সালের গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের কোটা ছিল ৩টি। বিসিবির কাউন্সিলদের অনুমোদন দেয়া গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের কোটা মোট ২টি। ভবিষ্যতে এ কোটা না থাকারও সম্ভাবনা রয়েছে-বলেছেন নাজমুল হাসান। তবে নতুন গঠনতন্ত্রে ক্রিকেটারদের কোটা বহাল রাখা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের কোটা কমানোর বিষয়ে নাজমুল হাসানের ব্যাখ্যা,‘জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এমন কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে সৃষ্টি হয়নি কিংবা তাদের সঙ্গে আমাদের কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে!’
১৩ অক্টোবর নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে নির্বাচন করা সম্ভব। আবার নির্বাচন এর পরেও করা যাবে। নির্বাচনের প্রক্রিয়া জানাতে গিয়ে নাজমুল হাসান বলেছেন,‘গঠনতন্ত্র অনুযায়ী আমরা এটা এখন এনএসসিতে পাঠাব। এনএসসি থেকে অনুমোদন হওয়ার পর আমরা একটা বোর্ড মিটিং ডাকব। আমরা বোর্ড মিটিং ডেকে একটা নির্বাচন কমিশন গঠন করব। নির্বাচন কমিশন গঠন করার পর নির্বাচন কমিশন মিটিং করে ঠিক করবে কবে কিভাবে নির্বাচন হবে।’
জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির দেয়া গঠনতন্ত্র শুধু অনুমোদন কিংবা প্রত্যাখান করতে পারবে। সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির পরিবর্তিত গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আনতে পারবে না। বোর্ড সভাপতির মতে, সংশোধিত গঠনতন্ত্র আইসিসির গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে যেটা ২০০৮ সালের গঠনতন্ত্রে ছিল না। তাই জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের না দেয়ার কোনো কারণও দেখছেন না।


