আমিন আমিন ধ্বনিতে মুখরিত চুনতির ময়দান

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক সিরাতুন্নবী (স.) মাহফিল সোমবার ফজর নামাজের আগে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। আখেরি মোনাজাতে লক্ষাধিক মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় চুনতির ময়দান। এ বছর মাহফিল শুরু হয়েছিল ২৭ সেপ্টেম্বর।

৫৩তম এ আয়োজনের সমাপনী দিবসে আখেরি মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জৈনপুরী দরবার শরীফের পীর ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া ছিদ্দিকী। আখেরি মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ প্রতিবছরের ন্যায় দেশের শান্তি সমৃদ্ধি কামনা ও আল্লাহর নৈকট্য লাভের আশায় মোনাজাতে অংশ নেন।

মাহফিলের মিডিয়া উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা তৈয়বুল হক বেদার জানান, ৫৩তম মাহফিলে দেশের ১০৯ জন বিখ্যাত আলেম-ওলামা নির্ধারিত বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন।

উল্লেখ্য, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে রসুল (স.)-এর শানে এ মাহফিল ১৯৭২ সালে প্রবর্তন করেন।