আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের স্ত্রী ব্রিজিত ম্যাক্রন তাকে আনুষ্ঠানিক ফার্ষ্ট লেডি পদ দেওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘আমি নিজেকে ফার্ষ্টলেডির মতো অনুভব করি না। এটা আমেরিকার একটি অভিব্যক্তির অনুবাদ মাত্র এবং আমি এ বিষয়ের কোনো কিছুই পছন্দ করি না। আমি ফার্ষ্ট কিংবা লাস্ট কিংবা লেডি কোনোটার মতোই অনুভব করি না। আমি স্রেফ বিজিত ম্যাক্রন।’
বৃহস্পতিবার প্রকাশিত এলি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
ফরাসি সংবিধানে সরকারিভাবে প্রেসিডেন্টের স্ত্রীকে কোনো দাপ্তরিক মর্যাদা দেওয়া হয়নি। প্রচলিত রীতি অনুযায়ী, ফরাসি ফার্স্ট লেডি এলিসি প্রাসাদে একটি অফিস পেয়ে থাকেন। তার কাছে প্রত্যাশা থাকে, তিনি স্বামীর কাজে সহযোগিতা করবেন এবং সেবামূলক কাজে যুক্ত থাকবেন। ম্যাক্রন নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন , জয়ী হলে স্ত্রীকে তিনি আনুষ্ঠানিক পদ দিবেন। তবে এর জন্য জনগণের করের অর্থ ব্যয় হবে না। তিনি শুধু চান, ফার্স্ট লেডি ইস্যুতে ফরাসিরা যে ‘ভণ্ডামি’ করে, তার অবসান হোক। চলতি মাসের প্রথম দিকে প্রায় তিন লাখ ফরাসি নাগরিক ম্যাক্রনের এ উদ্যোগের বিরুদ্ধে পিটিশন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান থেকে সরে আসেন ম্যাক্রন।
এলি ম্যাগাজিনকে ব্রিজিত বলেছেন, ‘আমার পূর্বসূরিদের মতো আমি আমার জনদায়িত্ব পালন করে যাব। তবে আমার নিয়ন্ত্রণে যে সম্পদ রয়েছে ফরাসি জনগণ তার ব্যবহার সম্পর্কে জানতে পারবে।’
তিনি বলেন, ‘আমার বৈঠক ও প্রতিশ্রুতির বিষয়গুলো আমরা প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করব, যাতে ফরাসি জনগণ জানতে পারে আমি ঠিক কী কাজ করছি। যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, সুস্পষ্ট থাকা।’


