‘ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার দখলদারিত্বকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র’

সামরিক অভিযান শুরুর সাত মাসেরও বেশি সময় পর ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্নও করেছে পুতিনের প্রশাসন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড দখলের রাশিয়ার প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র ‘কখনোই, কখনোই, কখনোই’ স্বীকৃতি দেবে না। চার ইউক্রেনীয় ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বলে ঘোষণা দিতে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) পুতিনের নির্ধারিত বক্তব্যের আগে বাইডেন এই মন্তব্য করেন। খবর বিবিসির।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি এই বিষয়ে খুব স্পষ্টভাবে বলতে চাই, ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে রাশিয়ার দখলদারিত্বকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র।’

এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের জাপোরিঝিয়া এবং খেরসনকে ‘স্বাধীন’ হিসাবে স্বীকৃতি দিয়ে দুটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে এই দুই অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে সংযুক্ত করার পথ প্রশস্ত হয়ে গেছে।