ইউক্রেন সীমান্তে ৪ রুশ সামরিক বিমান ‘ভূপাতিত’

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে দুটি রুশ যুদ্ধবিমান এবং দুটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ান সংবাদমাধ্যম কমার্স্যান্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

কমার্স্যান্ট একটি স্বাধীন ব্যবসাকেন্দ্রিক রাশিয়ান দৈনিক।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব ইউক্রেন সংলগ্ন ব্রায়ানস্ক অঞ্চলে একটি অতর্কিত হামলায় রাশিয়ান সুখোই এসইউ-৩৪ ও এসইউ-৩৫ ফাইটার এবং দুটি এমআই-৮ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়।

কমার্স্যান্ট বলছে, প্রাথমিক তথ্যমতে পাইলটদের ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা করার কথা ছিল।

এদিকে এসব তথ্যের কোনো প্রমাণ দেয়নি কমার্স্যান্ট। তবে বেশ কয়েকজন সামরিক ব্লগার একই দাবি করেছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। ইউক্রেনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।