নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লা আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বুধবার (৬ মে) সকাল নয়টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে মঙ্গলবার (৫ মে) তাকে ওই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার বেশি অবনতি হয়।
গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েকদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। হাবিবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাবিবুর রহমান মোল্লা ২৭ জানুয়ারি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নিরহংকারী, সাদামাটা ও অত্যন্ত আল্লাহ ভীরু একজন মানুষ। হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য। আওয়ামী লীগের এই প্রবীণ নেতা রাজনীতির সুদীর্ঘ পথ পরিক্রমায় ছিলেন অকুতোভয় মুজিব সৈনিক।
হাবিবুর রহমান মোল্লা মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।


