ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের ঘাসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারি রফিকুল ইসলাম ঘাসিপাড়া এলাকার বাসিন্দা আলহাজ্ব মোকবুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল ইসলাম জানান, সোমবার (৬) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানা ও এএসআই সাদ্দাম শহরের ঘাসিপাড়া এলাকায় রফিকুলের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজবাড়ীতে মাদকদ্রব্য রেখে এলাকার যুব সমাজের মধ্যে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।