ক্রীড়া প্রতিবেদক : একদিন বিরতির পর আবারও মাঠে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরে অনুশীলন করেছে সফরকারীরা। পাশাপাশি নিজেদের কিছু কাজও এগিয়ে রেখেছে।
টেস্ট পোশাকে অফিসিয়াল ফটোশুটে অংশ নেন ক্রিকেটাররা। ফটোশুটে অংশ নেয়ার আগে মিরপুরের উইকেট দেখেন কয়েকজন অসি ক্রিকেটাররা। মিরপুরের সেন্ট্রাল উইকেটের আটটির মধ্যে ছয়টি চটের বস্তা দিয়ে ঢাকা।বাকি দুটোর যেকোনো একটিতেই হবে ঢাকা টেস্ট। কোনটিতে হবে সেটা নিয়ে অসি ক্রিকেটাররা পড়ে যান ‘ধোঁয়াশায়’। জানা গেছে, ঢাকা টেস্টের জন্য চার নম্বর এবং সাত নম্বর উইকেট (প্রেস বক্স প্রান্ত থেকে) প্রস্তুত করেছে গ্রাউন্ডস কমিটি। তবে কোনটিতে খেলা হবে তা এখনও নিশ্চিত নয়।
শুক্রবার অনুশীলনে নামার আগে উইকেট দেখে পাশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার, অলরাউন্ডার ম্যাক্সওয়েল, স্পিনার নাথান লিয়ন, কোচ লেম্যান। ছবিতে দেখে মনে হল, তারা প্রত্যেকেই উইকেট নিয়ে উদ্বিগ্ন! চিরচেনা হাসিগুলোও মুখে ছিল না। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা স্পিনার নাথান লিয়ন উইকেট সম্পর্কে জানতে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের স্বরণাপন্ন হয়েছিলেন। নিউ সাউথ ওয়েসের লিয়ন কোচ হিসেবে পেয়েছিলেন হাতুরুসিংহেকে। কিন্তু পুরোনো শিষ্যকে উইকেট সম্পর্কে কোনো ধারণাই দেননি বাংলাদেশের কোচ।

বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়া দূতাবাসের নিমন্ত্রণে অস্ট্রেলিয়া দলের সঙ্গে হাথুরুসিংহেও ছিলেন। লিয়ন বলেছেন,‘আমি উইকেট দেখেছি। আমাদের জন্য কি অপেক্ষা করছে তা বলতে পারছি না। গত রাতে বাংলাদেশের কোচ ‘চন্ডিকা’র সঙ্গে কথা হয়েছিল। কিন্তু সে আমাদেরকে জানাননি কোন ধরণের উইকেটে খেলা হবে। কি হবে তা বলা যাচ্ছে না, তবে আমাদেরকে মানিয়ে নিতে হবে। তবে পেসারদের জন্য অতটা সহায়ক হবে না, যতটা না স্পিনারদের জন্য হবে। তাই আমাদের দ্রুত মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে হবে। আশা করছি আমরা সর্বোচ্চ ফল পাব।’
চলতি বছর পুনেতে ভারতের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটে খেলেছিল অস্ট্রেলিয়া। অসি দাপটে দুমড়ে মুচড়ে যায় ভারত। পরবর্তীতে আইসিসি পুনের উইকেটকে ‘বাজে’ বলে মন্তব্য করেন। লিয়নের মতে, পুনের উইকেট ছিল তার খেলা সবথেকে বাজে উইকেট। তবে তার মতে এবার অন্তত সেরকম কিছু পাবেন না। সেরকই ইঙ্গিত দিয়েছেন এক প্রশ্নের জবাবে,‘যে উইকেটেই আমরা খেলি না কেন দুই দলের জন্য উইকেট একই থাকছে। ওরকম কিছু না হলেই ভালো! আমাদের এখন একটাই কাজ কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া এবং মাঠে নেমে ভালো খেলা।’


