উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার দত্ত্বেশ্বর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বেলাল হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বেলাল হোসেন যশোর জেলার কেশবকাঠী এলাকার মৃত মো. হান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, দত্ত্বেশ্বর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সঞ্চালন লাইন টানানো হচ্ছে। ঠিকাদার মো. রফিকের তত্ত্বাবধানে বেলালসহ অন্য শ্রমিকরা শুক্রবার সেখানে কাজ করছিলেন। এক খুঁটি থেকে আরেক খুঁটিতে সঞ্চালন লাইন নেয়ার সময় একটি বাড়ির বিদ্যুৎ সংযোগের লাইন স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক বেল্লাল খুঁটি থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামসুদ্দিন শ্রমিক বেল্লালকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, এ ঘটনায় ঠিকাদার বা অন্য কারও গাফিলতি ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।